গদ্যকাব্য সংস্কৃত সাহিত্যের ইতিহাস

কবি দণ্ডী, দশকুমারচরিত রচয়িতা

কবি দণ্ডী : সংস্কৃত সাহিত্যের ইতিহাসে গদ্যকাব্য রচয়িতা হিসেবে দণ্ডী উল্লেখযোগ্য একজন কবি। তাঁর সময়কাল ও কাব্য পরিচয় এখানে বিধৃত হলো।

কবি দণ্ডী, দশকুমারচরিত রচয়িতা


কবি দণ্ডীর সময়কাল

কাব্যলক্ষণাক্রান্ত সংস্কৃত গদ্যকাব্যের ইতিহাসে দণ্ডী, সুবন্ধু এবং বাণভট্টই অবিস্মরণীয় কীর্তির অধিকারী। দণ্ডীর ‘দশকুমারচরিত’ একটি বিশিষ্ট গদ্যকাব্য। খ্রীষ্টীয় সপ্তম শতাব্দীর প্রারম্ভের সামান্য পূর্ববর্তী সময়কে দণ্ডীর আবির্ভাব কাল বলে মনে করা হয়। তিনি কাঞ্চীর অধিবাসী ছিলেন এবং কাঞ্চীরাজ নরসিংহবর্মার রাজসভায় উচ্চপদে আসীন ছিলেন।

কবি দণ্ডীর রচনাসমূহ

“ত্রয়ো দণ্ডিপ্রবন্ধাশ্চ ত্রিষু লোকেষু বিশ্রুতাঃ” —রাজশেখরের এই উক্তি থেকে জানা যায় যে দণ্ডী তিনটি গ্রন্থের প্রণেতা। ‘দশকুমারচরিত’ নামক গদ্যকাব্য, এবং ‘কাব্যাদর্শ’ নামক অলংকার গ্রন্থ দণ্ডীর রচনা। কেউ কেউ ‘ছন্দোবিচিতি’-কে, আবার কেউ কেউ ‘অবন্তিসুন্দরী-কথা’-কে দণ্ডীর তৃতীয় রচনা বলে মনে করেন। অবন্তিসুন্দরীকথাসার’ গ্রন্থের বিবরণ অনুসারে দণ্ডী বাল্যকালে পিতৃমাতৃহীন হলে সরস্বতী ও শ্রুতের দ্বারা পালিত হন।

সংস্কৃত সাহিত্যের দুইজন দণ্ডী

দশকুমারচরিতের রচয়িতা দণ্ডী এবং কাব্যাদর্শ প্রণেতা দণ্ডী একই ব্যক্তি কিনা এ সম্পর্কে পণ্ডিতদের মধ্যে মতানৈক্য আছে। কাব্যাদর্শে দণ্ডী কাব্যের যে আদর্শ প্রতিষ্ঠিত করেছেন, দশকুমারচরিতের বহুস্থলে সেই আদর্শ লঙ্ঘিত হয়েছে। আবার অনেকে মনে করেন যে, দশকুমারচরিত কবির তরুণ বয়সের রচনা এবং কাব্যাদর্শ পরিণত বয়সের রচনা বলে উভয়ের মধ্যে আদর্শগত ভিন্নতা পরিলক্ষিত হয়। সমালোচক A. B. Keith-এর কথায়, “… it is perfectly possible and even probable that the romance came from the youth and the Kavyadarsa from his more mature judgement …” (AB Keith, A History of Sanskrit Literature)

আরো পড়ুন--  বৈদিক সাহিত্যের সাধারণ পরিচিতি

কবি দণ্ডীর দশকুমারচরিত পরিচয়

দণ্ডীর প্রসিদ্ধ গদ্যকাব্য “দশকুমারচরিত” আখ্যায়িকা শ্রেণীর রচনা। গ্রন্থটি দুটি অংশে বিভক্ত—পূর্বপীঠিকা ও উত্তরপীঠিকা। পূর্বপীঠিকায় আছে পাঁচটি উচ্ছ্বাস এবং উত্তরপীঠিকায় আছে আটটি উচ্ছ্বাস। গ্রন্থটির প্রারম্ভ ও শেষ দুই-ই অসংলগ্ন। সম্ভবতঃ দণ্ডী “দশকুমারচরিত” গ্রন্থটি সমাপ্ত করে যেতে পারেন নি, অথবা তাঁর রচনার কিয়দংশ নষ্ট হওয়ায় পরবর্তীকালে সেই অংশ অপরের দ্বারা রচিত হয়েছে। ‘দশকুমারচরিত’ নামানুসারে এই গদ্যকাব্যে দশজন কুমারের বৃত্তান্ত অপেক্ষিত ছিল। কিন্তু প্রথম আটটি উচ্ছ্বাসে আটজন কুমারের বৃত্তান্ত বর্ণিত হয়েছে। এই অসম্পূর্ণতা দূর করার জন্য পরবর্তীকালে পূর্ব পীঠিকা এবং উত্তরপীঠিকা নামক দুটি অংশ মূল গ্রন্থের সঙ্গে যুক্ত হয়।

আরো পড়ুন--  কবি বাণভট্ট, সংস্কৃত সাহিত্যের কবি

মগধের রাজা রাজহংস মালবরাজ মানসারের কাছে যুদ্ধে পরাজিত হয়ে পত্নী বসুমতী সহ বিন্ধ্যপর্বতে আশ্রয় গ্রহণ করেন। সেখানে রাজার একটি পুত্র জন্মায়। তার নাম রাজবাহন। আরও নয়জন মন্ত্রিপুত্র ঘটনাক্রমে সেখানে উপস্থিত হন। কুমারেরা বয়ঃপ্রাপ্ত ও বিভিন্ন বিদ্যায় পারদর্শী হওয়ার পর ঋষি বামদেবের পরামর্শে রাজহংস তাঁদের দিগ্বিজয় যাত্রার অনুমতি দেন। কুমারেরা দেশভ্রমণে বেরিয়ে বিন্ধ্যারণ্যে এসে উপস্থিত হন। সেখানে ব্রাহ্মণবেশী কিরাত মাতঙ্গের সঙ্গে রাজবাহনের সাক্ষাত হয়। পাতালকন্যা কালিন্দীর সঙ্গে মাতঙ্গের বিবাহে সাহায্য করার জন্য সকলের অলক্ষ্যে রাজবাহন প্রস্থান করেন। অপরাপর কুমারগণ রাজকুমারের অন্বেষণে বেরিয়ে পরস্পর বিচ্ছিন্ন হয়ে পড়েন। ঘটনাচক্রে তাঁরা আবার একত্রে মিলিত হন এবং নিজ নিজ অভিজ্ঞতার কাহিনী ব্যক্ত করেন। ‘দশকুমারচরিত’ এই দশজন কুমারের অভিজ্ঞতালব্ধ বিচিত্র কাহিনীর রমণীয় আলেখ্যমালা।

কবি দণ্ডীর দশকুমারচরিত কাব্যের বিশেষত্ব

দশকুমারচরিত বৈচিত্র্যে সমৃদ্ধ। তৎকালীন সমাজের নৈতিক অবনতি কবি অকপটে ব্যক্ত করেছেন। লোভ, অসাধুতা, প্রতারণা, গুপ্তপ্রণয়, নারীহরণ, চুরি প্রভৃতি সামাজিক কুৎসিত দিকগুলিরও তিনি বাস্তবোচিত চিত্র উপস্থাপিত করেছেন। সাধারণভাবে দণ্ডীর রচনারীতি সহজ ও স্বতঃস্ফূর্ত। গদ্যকাব্যের রীতি অনুযায়ী স্থানে স্থানে গৌড়ী রীতি এবং সমাসবহুল ওজোগুণের সমাবেশ থাকলেও দণ্ডীর রচনা অযথা পাণ্ডিত্যের ভারে ক্লিষ্ট নয়। তাঁর সরল, ললিত এবং সাবলীল বর্ণনার জন্যই এরূপ প্রবাদের উৎপত্তি হয়েছে— “দণ্ডিনঃ পদলালিত্যম্।” ললিতমধুর পদসন্নিবেশ এবং অনুপ্রাস অলংকারের প্রয়োগবাহুল্য বশতঃ কাব্যের গীতিময়তাই পদলালিত্যের মূল।

আরো পড়ুন--  সংস্কৃত গদ্যকাব্য, Prose Romance

দণ্ডীর রচনার চিত্তাকর্ষক কাহিনীতে এই পদলালিত্য অনায়াসলক্ষ্য। বিচিত্র চরিত্রের সমাবেশে ও বাস্তব চিত্র অঙ্কনে দণ্ডী একজন কুশলী কথাশিল্পী। তাই কীথ যথার্থ মন্তব্য করেছেন—”Dandin is unquestionably masterly in his use of language. He is perfectly capable of simple easy narrative, and in the speeches which he gives to his characters he avoids carefully the error of elaboration of language.” (AB Keith, A History of Sanskrit Literature)


সূচীপত্র দেখুন

Similar Posts

  • গদ্যকাব্য · সংস্কৃত সাহিত্যের ইতিহাস

    গৌণ সংস্কৃত গদ্যকাব্য

    গৌণ সংস্কৃত গদ্যকাব্য : দণ্ডী, সুবন্ধু ও বাণভট্ট – এই তিন শ্রেষ্ঠ কবির আলোচনা করা হয়েছে। এঁরা ছাড়াও অনেকেই গদ্যকাব্য লিখেছেন, কিন্তু কাব্যগুণে সেগুলি নিতান্তই অপরিচিত। এই লেখায় সেগুলির সংক্ষিপ্ত পরিচয় বিধৃত হলো। গৌণ সংস্কৃত গদ্যকাব্য শ্বেতাম্বর জৈন ধনপালের ‘তিলকমঞ্জরী’ অপর একটি গদ্যকাব্য। ধারাধিপতি বাষ্পতিরাজের পৃষ্ঠপোষকতায় খ্রীষ্টীয় দশম শতকের শেষদিকে কবি এই কাব্য রচনা করেন।…

  • আয়ুর্বেদ শাস্ত্র · সংস্কৃত সাহিত্যের ইতিহাস

    চরকসংহিতা

    চরকসংহিতা : আয়ুর্বেদশাস্ত্র বা চিকিৎসাশাস্ত্র হিসাবে সংস্কৃত ভাষায় রচিত চরকসংহিতা অন্যতম ও প্রাচীনতম গ্রন্থ। এই গ্রন্থের সংক্ষিপ্ত আলোচনা দেওয়া হলো। চরকসংহিতা সূচনা বর্তমানে যে আকারে ‘চরকসংহিতা’ গ্রন্থটি পাওয়া যায় তার প্রকৃত রচয়িতা হলেন মহর্ষি আত্রেয়ের অন্যতম শিষ্য অগ্নিবেশ। অথর্ববেদের পর থেকে উপনিষদ যুগের শেষ পর্যন্ত ‘অগ্নিবেশতন্ত্র’-ই আয়ুর্বেদশাস্ত্র শিক্ষার প্রধান গ্রন্থ ছিল। কালের করাল গ্রাসে এবং…

  • বৈদিক সাহিত্য · সংস্কৃত সাহিত্যের ইতিহাস

    বৈদিক সাহিত্যের সাধারণ পরিচিতি

    বৈদিক সাহিত্যের সাধারণ পরিচিতি : বৈদিক সাহিত্যের সাধারণ পরিচিতি অর্থাৎ বৈদিক সাহিত্য বলতে প্রকৃতপক্ষে কী বোঝায় এবং এর অন্তর্ভুক্ত বিষয়ের সংক্ষিপ্ত ধারণা। বৈদিক সাহিত্যের সাধারণ পরিচিতি সুদূর অতীতে আর্যদের সভ্যতা বিস্তারের সঙ্গে সঙ্গে ভারত ভূমিতে স্বয়ং উদ্ভূত হয়েছিল এক পূর্ণাঙ্গ সাহিত্য যার মধ্যে বিধৃত আছে প্রাচীন ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির পূর্ণাঙ্গ বিবরণ। পৃথিবীর অন্যান্য সভ্যদেশ…

  • গদ্যকাব্য · সংস্কৃত সাহিত্যের ইতিহাস

    সংস্কৃত গদ্যকাব্য, Prose Romance

    সংস্কৃত গদ্যকাব্য : বৈদিক যুগেই গদ্য রচনার সূচনা হয়। যজুর্বেদের বাজসনেয়ী সংহিতায় প্রথম গদ্য রচনার নিদর্শন পাওয়া যায়। তবে সংস্কৃত সাহিত্যের গদ্যের পরিমাণ পদ্যের তুলনায় অনেক কম। গদ্যকাব্য, সংস্কৃত গদ্যকাব্য, Prose Romance সংস্কৃত গদ্যকাব্য কী দৃশ্য ও শ্রব্য ভেদে কাব্য দুটি শ্রেণীতে বিভক্ত। শ্রব্যকাব্যের বিভিন্ন বিভাগের মধ্যে গদ্যকাব্য অন্যতম। গদ্যরচনাই হল কবিপ্রতিভার শ্রেষ্ঠত্ব নির্ণয়ের মাপকাঠি।…

  • গদ্যকাব্য · সংস্কৃত সাহিত্যের ইতিহাস

    কবি বাণভট্ট, সংস্কৃত সাহিত্যের কবি

    কবি বাণভট্ট : সংস্কৃত গদ্যকাব্য-এর সর্বশ্রেষ্ট কবি ইনি। হর্ষচরিত এবং কাদম্বরী লিখেছেন তিনি। কাদম্বরী তাঁর ‘কথা’ শ্রেণির কাব্য। কবি বাণভট্ট, সংস্কৃত সাহিত্যের কবি কবি বাণভট্টের পরিচয় সংস্কৃত গদ্যকাব্যের জগতে বাণভট্ট কবিসার্বভৌম। আলংকারিকদের মতে গদ্যরচনাই হল কবিলেখনীর নিকষিত হেম— “গদ্যং কবীনাং নিকষং বদন্তি।” বাণভট্ট গদ্যরচনার পরীক্ষায় অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। ‘হর্ষচরিত’-এর প্রথম আড়াই উচ্ছ্বাসে বাণ তাঁর…

  • বৈদিক সাহিত্য · সংস্কৃত সাহিত্যের ইতিহাস

    বেদের সময় কাল

    বেদের সময় কাল : বৈদিক সাহিত্যের সময়কাল নির্ণয়ে নানা মুনির নানা মত প্রচলিত। আলোচ্য পোস্টে সংক্ষিপ্ত আলোচনা উপস্থাপিত হলো। বেদের সময় কাল ভারতীয়দের দৃষ্টিতে বেদ অপৌরুষেয় এবং পরম ব্রহ্মের নিঃশ্বসিত। কোন পুরুষের রচনা নয় বলে এবং গুরু-শিষ্য-পরম্পরায় দীর্ঘকাল শ্রুতিতে রক্ষিত বলে বেদের প্রকৃত কাল নিরূপণ দুষ্কর। সুতরাং মন্ত্রদ্রষ্টা ঋষিদের দ্বারা ঋক্‌মন্ত্র কবে দৃষ্ট হয়েছিল, তার…